বার্তা সংস্থা আবনা : দক্ষিণ সুদানের যুদ্ধ পরিস্থিতি থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন দুই শতাধিক নৌকাযাত্রী। দেশটির সেনা মুখপাত্র ফিলিপ আগুয়ের আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, শ্বেত নীল নদে ডুবে যাওয়া নৌকাতে দুইশ’ থেকে তিনশ’ যাত্রী ছিল। তাদের মধ্যে নারী ও শিশুও আছে। নৌকাটি অতিরিক্ত যাত্রী বহন করছিল বলে তিনি জানান। সেনা মুখপাত্র বলেন, মালাকালে চলমান সংঘর্ষ থেকে বাঁচার লক্ষ্যে নৌকায় করে পালাতে চেয়েছিলেন তারা।
দক্ষিণ সুদানের বিভিন্ন স্থানে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। ‘নীল’ রাজ্যের প্রধান শহর মালাকালেও সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে।
গত ১৫ ডিসেম্বর থেকে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত সেনাদের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত বহু মানুষ হতাহত ও উদ্বাস্তু হয়েছে। এরইমধ্যে প্রতিবেশি সুদানে ১০ হাজার, উগান্ডায় ৩২ হাজার এবং ইথিউপিয়ায় ১০ হাজার মানুষ পালিয়ে গেছে।